ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

রংপুরে পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৫

রংপুর মহানগরীর তাজহাট থানা পুলিশের অভিযানে চোরাই পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাজহাট মেট্রোপলিটন থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, গত ৫ অক্টোবর গঙ্গাচড়া থানার সাউদপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে গোলাম রব্বানীর মোটরসাইকেলটি নগরীর মডার্ন-দর্শনা রোডের শুকটির গোডাউনের সামনে থেকে হারিয়ে যায়। গোলাম রব্বানী বর্তমানে রংপুর ক্যাডেট কলেজে কর্মরত।

মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পর তিনি তাজহাট থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ওসি রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মঞ্জুরুল হক, এএসআই (নিরস্ত্র) মুনমুন হোসাইন, এএসআই (নিরস্ত্র) মো. নূর নবীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের ঘোড়াঘাট থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোটরসাইকেলসহ মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহিন মিয়া (৩২), পীরগঞ্জ উপজেলার শিমুল মণ্ডল (৩৫), মিলন মিয়া (৩৫), হাসান মিয়া (২৮) ও রাশেদ প্রধান (৩২)।

ওসি আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোটরসাইকেল ফিরে পেয়ে গোলাম রব্বানী বলেন, গত ৫ অক্টোবর নগরীর শুকটির গোডাউনের সামনে থেকে তার মোটরসাইকেলটি হারিয়ে যায়। পরে তিনি থানায় অভিযোগ করেন। সোমবার মোটরসাইকেল উদ্ধারের খবর পেয়ে থানায় এসে সেটি শনাক্ত করেন।

মোটরসাইকেল ফিরে পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাজহাট থানা পুলিশকে ধন্যবাদ জানান।

গ্রেপ্তার ৫,চোরাই মোটরসাইকেল উদ্ধার,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত