
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের সোনাতনী ইউনিয়নের বিভিন্ন স্থানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী ডা. ফাহমিদা মুহিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বিএনপি নেতা ইকবাল হোসেন হিরু, আরিফুজ্জামান আরিফ, ইমদাদুল হক নওশাদ, আব্দুল জব্বার ও রেজাউল ইসলাম রাজাসহ অনেকে।