ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আগাম শীতকালীন ক্ষীরা চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জে আগাম শীতকালীন ক্ষীরা চাষে বাম্পার ফলনের আশা

সিরাজগঞ্জের চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আগাম শীতকালীন ক্ষীরা চাষাবাদ শুরু হয়েছে। এ চাষে ঝুঁকছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা। এবার ক্ষীরার বাম্পার ফলনের আশা করছেন তারা। ইতিমধ্যে হাইব্রিড জাতের নতুন ক্ষীরা বাজারে উঠতে শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের নয়টি উপজেলার বিভিন্ন স্থানে এবার আগাম ক্ষীরা চাষের জন্য প্রায় ৩০০ হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষকেরা ইতিমধ্যে প্রায় ২০০ হেক্টর জমিতে খরিপ-২ মৌসুমের দেশি ও হাইব্রিড জাতের ক্ষীরার বীজ রোপণ করেছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে বীজ রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শস্যভান্ডারখ্যাত উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা ছাড়াও কামারখন্দ, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন চরাঞ্চলে বেশি ক্ষীরা চাষ হচ্ছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নদী, খাল-বিল, বাড়ির আঙিনা, পুকুরপাড় ও পতিত জমিতেও ক্ষীরা চাষাবাদ শুরু হয়েছে। এসব ক্ষীরার বাগানের পরিচর্যায় নারীরাও ভূমিকা রাখছেন।

স্থানীয় কৃষকেরা জানান, ক্ষীরা চাষ লাভজনক এবং এতে খরচ তুলনামূলক কম হওয়ায় তারা এ চাষে ঝুঁকছেন। বিশেষ করে যমুনার তীরবর্তী চৌহালী, বেলকুচি, শাহজাদপুর, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই মাস আগেই আগাম ক্ষীরা চাষ শুরু হয়েছে।

চরাঞ্চলে উৎপাদিত হাইব্রিড জাতের ক্ষীরা ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। বর্তমানে প্রতি কেজি ক্ষীরা গড়ে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ক্ষীরা কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন। এতে এবার আগাম শীতকালীন হাইব্রিড জাতের ক্ষীরা চাষ করে বেশি লাভের আশা করছেন কৃষকেরা।

কৃষি বিভাগ জানায়, চরাঞ্চলে প্রতিবছর আগাম হাইব্রিড জাতের ক্ষীরার ভালো ফলন হয়। এবারও বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে বলেন, প্রতিবছরের মতো এবারও শীতকালীন আগাম ক্ষীরা চাষাবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জের শস্যভান্ডারখ্যাত চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলাসহ বিভিন্ন চরাঞ্চলে বেশি ক্ষীরা চাষ হচ্ছে। ইতিমধ্যে হাইব্রিড জাতের নতুন ক্ষীরা বাজারেও উঠতে শুরু করেছে। দাম ভালো থাকায় কৃষকেরা এখন খুশি বলে তিনি উল্লেখ করেন।

বাম্পার ফলন,শীতকালীন ক্ষীরা চাষ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত