ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা

সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বিশ্বাস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনসহ আটটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই মার্কেটের জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় তুলা, লেপ-তোষক, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রপাতি, মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে গোডাউনসহ আটটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা হতাশায় ভুগছেন। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অর্ধকোটি টাকা,পুড়ল ৮ দোকান,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত