ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসে চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসে চুয়াডাঙ্গায় জামায়াতের সমাবেশ

ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে লগি-বৈঠার হামলায় নিহতদের স্মরণে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গার বড়বাজার শহীদ হাসান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হামলায় নিহতদের মাগফিরাত কামনা করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের নিষ্ক্রিয়তার কারণে আওয়ামী লীগ এমন নারকীয় তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছিল বলে তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন বাংলাদেশে আর না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। একই ধরনের চরিত্র নিয়ে কেউ যেন আবার রাষ্ট্রক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সভায় পল্টন ট্র্যাজেডির মামলা পুনরুজ্জীবিত করে বিচারের দাবি জানানো হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল।

জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর আমির বেলাল হুসাইন, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, অ্যাডভোকেট মসলেম উদ্দিন ও জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ।

এদিকে, সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচটি স্থানে পল্টন ট্র্যাজেডি নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়।

জামায়াতের সমাবেশ,চুয়াডাঙ্গা,পল্টন ট্র্যাজেডি,২৮ অক্টোবর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত