
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া খানপাড়া এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাশের রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিম সরকার (৪৭), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের লুৎফর রহমান (৩১), আমডাঙ্গা গ্রামের আরিফ হোসেন (৩৩) ও ভুইয়াগাতী গ্রামের সম্রাট কুমার সরকার (৩৮)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে ওই মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা সমবেত হন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় অন্যরা কৌশলে মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।