ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রডের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

রডের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

চাঁদপুর জেলা শহরে রডের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ৫ টন ধারণক্ষমতার একটি ট্রাকে থাকা ১৩ টন রডও জব্দ করা হয়। ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

সোমবার (২ নভেম্বর) ভোরে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড় এলাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার দৌলতখান উপজেলার চরসফি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট এলাকার বজলুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে এসআই কালাম গাজীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, হলুদ রঙের একটি ৫ টনি ট্রাক এবং ১৩ টন রড জব্দ করা হয়। ট্রাকটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশ পাহারায় তাদের দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ২,ইয়াবা পাচার,অভিনব কায়দা,রডের ভেতর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত