
সিরাজগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) সদস্যরা পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছেন।
বুধবার দুপুরে এসআরবি-১২-এর পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম এ মামুন খান চিশতী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে গত ১ নভেম্বর এসআরবি’র পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা উপজেলার পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এসআরবি-১২ সদস্যরা এলাকায় প্রশংসিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।