ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কাউখালীতে পুকুরে মিলল ৭৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ

কাউখালীতে পুকুরে মিলল ৭৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুকুর থেকে শাজাহান আকন (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলা পরিষদের পুরোনো ভবনের সামনের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন পথচারীরা।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা আশপাশের লোকজনকে জানান। পরে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ হাসান শাওন ঘটনাস্থলে উপস্থিত হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত শাজাহান আকন পিরোজপুর জেলা সদর হাসপাতালসংলগ্ন বলাকা ক্লাব এলাকার মৃত শামসুদ্দিন আকনের ছেলে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তার ছেলে মিরাজ হোসেন কাউখালী উপজেলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তাবলিগ জামাতের একটি চিল্লা শেষ করে শাজাহান আকন সরাসরি ছেলের কর্মস্থল কাউখালী উপজেলা কোয়ার্টারে তার বাসায় আসেন। বুধবার সকালে ছেলের সঙ্গে নাশতা করার পর মিরাজ প্রতিদিনের মতো অফিসে যান। বাসায় অন্য কেউ না থাকায় ধারণা করা হচ্ছে, এরপর কোনো একসময় তিনি গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে নেমেছিলেন।

বাদ জোহর উপজেলা পরিষদ চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দাফনের জন্য তার মরদেহ পিরোজপুরে পাঠানো হয়।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা এবাদ আলী বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং হাসপাতাল থেকে মৃত্যু সনদ পাওয়ার পর ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপমৃত্যুর ঘটনায় দাফনের জন্য কোনো অনুদান দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, মৃত্যুর সঙ্গে অনুদানের কোনো সম্পর্ক নেই। মরদেহ দাফনের জন্য কোনো অনুদান দেওয়া হয়নি।

বৃদ্ধের মরদেহ,৭৫ বছর বয়সী বৃদ্ধ,পুকুরে মিলল,কাউখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত