
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান টানা চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে নির্বাচিত করা হয়।
এ সময় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা তুলে দেন।
এর আগে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা অর্জন করেন ওসি রাকিবুল হাসান। এ নিয়ে টানা চার মাসে চারবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওসি রাকিবুল হাসান বলেন, পুলিশ সুপারের দিকনির্দেশনা, সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের চৌকস টিমের পরিশ্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।