ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হবিগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের জালাল মিয়া জড়িত বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়।

এ বিরোধ মীমাংসার জন্য শুক্রবার স্থানীয় মুরুব্বিরা সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে সকাল ১০টার দিকে সালিশে বসার পরিবর্তে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া, লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া ও আক্কাস মিয়াসহ অনেকে রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত শতাধিক,দুই গ্রামের সংঘর্ষ,মোবাইল চুরি,হবিগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত