
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর সংলগ্ন সড়কে ব্যারিকেড দিয়ে সাবেক দুই ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত করেছে একদল সশস্ত্র ডাকাত। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (৬৫) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু (৫২)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে তিতুদহ গ্রামে একটি সালিশ বৈঠক শেষে শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজুসহ ৫-৬ জন মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পথে গহেরপুর কানাপুকুর এলাকায় পৌঁছালে সড়কে বালির বস্তা ফেলে ব্যারিকেড দিয়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা।
পরে তারা রাজুকে পিটিয়ে আহত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পর রাজু মোবাইল ফোনে তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেনকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসার পথে একই স্থানে তার বহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। এ সময় তার কাছ থেকেও নগদ টাকাসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে গড়াইটিপা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজু জানান, তিতুদহ গ্রামে একটি সালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে তারা এ ঘটনার শিকার হন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ৩-৪ জন ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।