ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

সোনারগাঁয়ে ট্রাক উল্টে ৮ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছবোঝাই একটি ট্রাক উল্টে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে। ফলে যাত্রী ও পরিবহনচালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট অব্যাহত ছিল।

জানা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় চট্টগ্রামগামী লেনে গাছবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে যানবাহনের গতি কমে যায় এবং ধীরে ধীরে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাতায়াতকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কাউসার আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি মেঘনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকে ছিলেন। একপর্যায়ে গাড়ি থেকে নেমে ফিরে আসেন।

এদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে ট্রাকটি উল্টে গাছগুলো ছড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাছগুলো সরানোর জন্য সকালে শ্রমিক পাওয়া না যাওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। মাত্র শ্রমিক পাওয়া গেছে। রেকারের সাহায্যে বিকল ট্রাকটি সরানোর চেষ্টা চলছে।

দুর্ভোগে যাত্রীরা,৮ কিলোমিটার যানজট,সোনারগাঁ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত