ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে একই পরিবারের ৪ হত্যায় দুইজনের বিরুদ্ধে চার্জশিট

রংপুরে একই পরিবারের ৪ হত্যায় দুইজনের বিরুদ্ধে চার্জশিট

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে চারজনকে হত্যা করেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। তদন্তে এ দুজনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তাদের অপরাধী হিসেবে শনাক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির উদ্দেশ্যে আসামিরা ওই বাড়িতে প্রবেশ করেন। এ সময় গামছা ও শারীরিক শক্তি প্রয়োগ করে চারজনকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২২ আগস্ট (শনিবার) রাতে রংপুরের মাছুয়াপাড়ার বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫২), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার ভোরে মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে ও সিটি বাজারের মাছের দোকানের কর্মচারী মুগ্ধ দাস (২৩) এবং বিনয় চন্দ্র দাসের ছেলে ও স্বর্ণের দোকানের কারিগর সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

হত্যার শিকার প্রীতিলতার বোন পূজা চক্রবর্তী বলেন, হত্যার ঘটনায় পুলিশের দাবি নিয়ে গণপতি চক্রবর্তীর পরিবারের সন্দেহ রয়েছে। তাঁরা কিছুই বুঝতে পারছেন না। পুলিশ কী করছে, কী হচ্ছে, তা নিয়েও তাঁদের প্রশ্ন রয়েছে। পুলিশ বলছে, ইয়াবাসেবী দুজন নাকি চারজনকে একে একে হত্যা করেছেন।

গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায়ও পুলিশের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন। তাঁর ভাষ্য, দুই কম বয়সী ছেলে চারজনকে মেরে ফেলতে পারে না। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চারজনকে হত্যার ক্ষমতা তাদের রয়েছে বলে মনে হয় না। বিষয়টি নিয়ে তাঁদের অনেক প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, গণপতির বাড়ির আলমারি ও ড্রয়ার তছনছ করা ছিল। বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন ছিল। দুই তরুণই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা বিশ্বাস করতে চাইছে না পরিবার।

হত্যার বিচার চেয়ে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী নূর বলেন, হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই দুজনকে জড়িত হিসেবে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন বিষয়ও তদন্তের আওতায় আনতে হবে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

শিক্ষার্থীদের সমাবেশে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক সাফিয়ার রহমান বলেন, ‘শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় নাটক মঞ্চস্থ হচ্ছে। এ নাটক থেকে বেরিয়ে এসে সত্য উদ্ঘাটন করতে হবে। আমরা সত্য জানতে চাই। খুনিকে আড়াল করার চেষ্টা করলে তার ফল ভালো হবে না।’

খুনিকে আড়াল না করে সত্য উদ্ঘাটনের জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মরদেহ উদ্ধারের পর ব্রিফিংয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গণপতি চক্রবর্তীর বাসার ছাদে মাদক সেবনের সময় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে বাধা দেন গণপতি। পরে প্রথমে তাঁকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর পরিবারের অন্য তিন সদস্যকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করেন। এ সময় তাঁরা গোসল করেন, খেজুর ও শসা খান এবং মাদক সেবন করেন। পাশাপাশি স্বর্ণালঙ্কার খোঁজেন এবং মোবাইল ফোন পানিতে ডুবিয়ে রাখেন।

মরদেহ উদ্ধারের পর পুলিশের ধারণা ছিল, এটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই বলা হয়, হত্যার পর ডাকাতির ঘটনা সাজানো হয়েছিল। অথচ পুলিশেরই দাবি, স্বর্ণালঙ্কার নেওয়া হয়েছিল এবং গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো স্থান থেকে তা উদ্ধারও করা হয়েছে। তাহলে ডাকাতির বিষয়টি পুরোপুরি সাজানো বলা হচ্ছে কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী চৌধুরী মাহমুদুন নবী ডলার বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ তৈরি হয়েছে। বাড়ির সিসিটিভির তার ও বৈদ্যুতিক তার কারা কাটল? চারজনকে হত্যা করা হলো, আশপাশের কেউ টের পেল না কেন? এমন অনেক বিষয় রয়েছে। এগুলো তদন্ত না করেই দুজনকে ধরে বলা হলো, তারা খুনের সঙ্গে জড়িত। সঠিক তদন্তের মাধ্যমে আমরা সত্য জানতে চাই।’

শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের পরনের শার্ট নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে। আসামির গায়ের শার্টের সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান সনাতন চক্রবর্তীর শার্টের হুবহু মিল নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন পরিস্থিতিতে সোমবার একই ধরনের শার্ট গায়ে দিয়েই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ডিবির এই কর্মকর্তা। তিনি বলেন, ‘আড়ং দেশের একটি স্বনামধন্য ব্র্যান্ড। আমিও দীর্ঘদিন ধরে আড়ংয়ের একটি শার্ট ব্যবহার করছি এবং আজও সেটি পরে আছি। আসামির গায়েও একই ধরনের একটি শার্ট ছিল। শুধু শার্টের মিল দিয়ে কাউকে শনাক্ত করা সম্ভব নয়।’

চারজনকে মাত্র দুজনের পক্ষে হত্যা করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চারজনকে একসঙ্গে হত্যা করা হয়নি। তদন্তে এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রথমে দুজন মিলে একজনকে হত্যা করেন। পরে দ্বিতীয় ব্যক্তিকে, এরপর তৃতীয়জনকে এবং সবশেষে শিশুটিকে হত্যা করা হয়। তাই ঘটনাটি দুজনের পক্ষে সম্ভব নয়, এমনটি মনে করার কারণ নেই। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

বৈদ্যুতিক লাইন কাটার বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, অভিযুক্তরা বাড়িটিতে কয়েক ঘণ্টা অবস্থান করেছিলেন। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁরা প্রায় পাঁচ থেকে ছয় ঘণ্টা সেখানে ছিলেন। বের হওয়ার সময় তাঁরা বৈদ্যুতিক লাইন কেটে দেন। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, বাড়িটি অন্ধকার করে দিতে এবং বাইরে থেকে কেউ যেন কিছু দেখতে না পারে, সে কারণেই লাইন কাটা হয়েছিল।

কেমিক্যাল ব্যবহারের অভিযোগের বিষয়েও তিনি বলেন, প্রাথমিক তদন্তে এমন কোনো নমুনা পাওয়া যায়নি, যা থেকে নিশ্চিতভাবে বলা যায় যে কোনো ধরনের নির্যাতন বা যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। সিদ্ধার্থ ওই নারীকে ‘কাকিমা’ বলে ডাকতেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।

মুখ ঝলসে যাওয়ার বিষয়টি কোনো কেমিক্যালের কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এদিকে গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা কানু দাস বলেন, ‘আমার ছেলে সহজ-সরল। পুলিশ রাতে বাড়িতে এসে ঘুম থেকে ছেলেকে ডাকতে বলে। আমি তাকে ঘুম থেকে তুলে পুলিশের সামনে আনি। পরে তারা ধরে নিয়ে যায়। আমার ছেলে কিছুটা নেশা করে বলে শুনেছি, তাই বলে খুন করবে, এটা বিশ্বাসযোগ্য নয়।’

মুগ্ধ দাসের মা সেনা দাসও ছেলের বিষয়ে একই ধরনের কথা বলেন।

চার্জশিট,দুইজন,একই পরিবারের ৪ হত্যা,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত