
‘উর্বর মাটি, অক্ষরের মিনার: শব্দের মিছিলে জাগুক প্রাণের অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় সাহিত্য পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও মোহাম্মদ তৌহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত হামিদুল হক মুন্সীর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখক রাজীব আহমেদের একক বইমেলার আয়োজন করা হয়। এ সময় বিপুলসংখ্যক সাহিত্য অনুরাগী উপস্থিত ছিলেন।