ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ করার ঘোষণা ডা. শাহাদাতের

চট্টগ্রামে ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ করার ঘোষণা ডা. শাহাদাতের

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মিলাদ মাহফিল, দোয়া, স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আলিফের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইলা)-এর উদ্যোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়ার সঞ্চালনায় আইনজীবী নেতৃবৃন্দ আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই দিন বাদ জোহর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কোর্টহিল জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, জীবন ও কর্মের স্মৃতিচারণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আইনজীবী অডিটোরিয়ামে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ এনামুল হক ও আবদুস সাত্তার।

প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নির্মম হত্যাকাণ্ডের দুই বছর অতিবাহিত হলেও তাঁর বিচার এখনো হয়নি। একজন তরুণ আইনজীবীর এমন নির্মম হত্যাকাণ্ড শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো আইনজীবী সমাজ ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মোড়কে ‘অ্যাডভোকেট আলিফ চত্বর’ হিসেবে নামকরণের ঘোষণা দেন। পাশাপাশি সমিতির হেলথ সেন্টারের জন্য সিটি করপোরেশনের অর্থায়নে একজন মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার ঘোষণাও দেন।

প্রধান বক্তা মো. আবু সুফিয়ান এমপি বলেন, “শহীদের রক্ত যে মাটিতে পড়ে, সে মাটি উর্বর হয়। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত এ দেশের মানুষকে রক্ষা করেছে। সীমান্তের ওপার থেকে এখনো খুনিরা উসকানি দিচ্ছে। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেব না।” এ সময় তিনি আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর দাবি জানান।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মঈনুদ্দীন স্বাগত বক্তব্যে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো এবং তাঁর জীবন, কর্ম ও আত্মত্যাগের তাৎপর্য সবার সামনে তুলে ধরতেই সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আইনজীবী সমাজের প্রত্যেক সদস্যের উচিত ঐক্যবদ্ধভাবে পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাধ্যমতো কাজ করে যাওয়া। তিনি প্রতি বছর সমিতির পক্ষ থেকে ২৬ নভেম্বরকে ‘শহীদ আলিফ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেন।

সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মৃতি চট্টগ্রামের আইনজীবী সমাজের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, সমিতির উদ্যোগে আলিফের জীবন, কর্ম, স্মৃতিবিজড়িত বিভিন্ন মুহূর্ত ও তাঁর আত্মত্যাগের ঘটনাপ্রবাহ নিয়ে একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপস্থিত আইনজীবী, অতিথি ও দর্শনার্থীদের শহীদ আলিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁর জীবন সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), নির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর ও দিদারুল আলম টিপুসহ বিপুলসংখ্যক আইনজীবী।

ডা. শাহাদাত,‘অ্যাডভোকেট আলিফ চত্বর’,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত