ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা: অভিযোগ গঠন শুনানি আজ

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণ হত্যা: অভিযোগ গঠন শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।

সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একইসঙ্গে শুনানির জন্য সময় চাওয়ার আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। অন্যরা পলাতক, তারা হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করা হয়।

জঙ্গি নাটক,৯ তরুণ হত্যা,অভিযোগ গঠন,মানবতাবিরোধী অপরাধ,মামলা,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত