
কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র্যাব।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব–১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দালালচক্রের ২০ জন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
অভিযান শেষে র্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি দালালচক্র সক্রিয় ছিল। তারা সাধারণ পাসপোর্ট প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিতো এবং পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে অবস্থান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল। দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।