ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পাংশায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পাংশায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক যুবতীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী রোববার (১ মার্চ) পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২২ বছর বয়সী এক যুবতীর সঙ্গে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের প্রায় সাত মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তাদের সম্পর্কের অবসান ঘটে।

ভুক্তভোগীর দাবি, ওই যুবকের বন্ধু আকাশ মণ্ডল তাকে আশ্বাস দেন যে পাংশায় এলে সাবেক প্রেমিকের সঙ্গে তার বিয়ে সম্পন্ন করে দেওয়া হবে। সেই আশ্বাসে বিশ্বাস করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে তিনি পাংশা উপজেলা শহরের মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখান থেকে অভিযুক্ত আকাশ মণ্ডল তাকে মোটরসাইকেলে করে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় নিয়ে যান। বহলাডাঙ্গা এলাকার একটি আশ্রয়কেন্দ্রের কক্ষে তাকে আটকে রেখে আকাশ মণ্ডল ও তার সহযোগী জামাল মণ্ডল সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। এ সময় তার কানের স্বর্ণের দুল, ব্যাগে থাকা নগদ অর্থ এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেয়। পরে তাকে সেখানে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাংশা,প্রেমের ফাঁদ,যুবতী,সংঘবদ্ধ ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত