
সাতক্ষীরার দেবহাটায় পৃথক অভিযানে খুন, ডাকাতি ও আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি রিপন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিআর পরোয়ানাভুক্ত আরও একজনকে আটক করা হয়।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
রিপন দেবহাটা উপজেলার নোড়ারচক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও আগ্নেয়াস্ত্রসহ মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েলের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ-এর দেবহাটা থানা পুলিশের একটি দল, র্যাব-৬ যশোরের সহায়তায় যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিনের পলাতক আসামি রিপন হোসেন (৩২)-কে গ্রেপ্তার করে।
এছাড়া একই রাতে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি শেখ মো. মইনুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান, রিপন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতদের রোববার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।