
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন— মো. সুমন আকন (৪৬)। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে মাওয়া টোলপ্লাজাগামী সড়কে তল্লাশি চালিয়ে সুমন আকনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।