ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চার দফা বৃদ্ধির পর অবশেষে কমলো সোনার দাম

চার দফা বৃদ্ধির পর অবশেষে কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কিছুটা কমলো সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। ফলে নতুন করে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে।

এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১ এপ্রিল ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। এরপর ধারাবাহিকভাবে আরও তিন দফা দাম বৃদ্ধি পায়। সব মিলিয়ে চার দফায় মোট ১৩ হাজার ১২২ টাকা বাড়ার পর এবার দাম কিছুটা কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরিতে ১৭৫ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। ২১ ক্যারেট রুপার ভরিতে ১১৭ টাকা কমিয়ে নতুন দাম হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেট রুপার ভরিতে ১১৭ টাকা কমিয়ে মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরিতে ১১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।

সোনা,বাজুস,জুয়েলার্স,বাজার,দাম,প্রাইস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত