অনলাইন সংস্করণ
২০:২২, ১৬ এপ্রিল, ২০২৬
চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১৪৭ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে মোট ২ হাজার ৭৯৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে, মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসেছে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।
ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।