অনলাইন সংস্করণ
১২:২৮, ২১ মে, ২০২৬
টানা তিন দফা দাম কমানোর পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। আগের দিন এর দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর প্রকাশ করে জুয়েলার্স সমিতি। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫৩৭ ডলারে লেনদেন হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, গত ৩০ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে গত মাসের শেষ দিকে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে একবারে এত বড় মূল্যবৃদ্ধির ঘটনাও ছিল নজিরবিহীন।