
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ স্লোগানে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।
দিনজুড়ে মেলায় ছিল তাঁর সৃষ্টিকর্ম অবলম্বনে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ এবং গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে হাঁস ধরা প্রতিযোগিতা। মেলা প্রাঙ্গণে খাবারের স্টল, হস্তশিল্প ও অলংকারের দোকান এবং হুমায়ূন আহমেদের বইয়ের স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের অধ্যাপক রহমত আলী এবং অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি। তারা হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন নিয়ে স্মৃতিচারণা করেন।
আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার-এর তত্ত্বাবধানে বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে বাস্তবায়ন করে।
আয়োজকরা জানান, ছয় মাসের প্রস্তুতির মাধ্যমে শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ ইভেন্ট পরিকল্পনা ও বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেছে। একইসঙ্গে এই মেলার মাধ্যমে হুমায়ূন আহমেদ-এর জীবন, সাহিত্য ও কর্মকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।