
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (২৪ মে) সকালে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উপাচার্যের কার্যালয়সংলগ্ন সম্মেলন কক্ষে আইনমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁকে বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির ও ‘জুলাই ২০২৪’ প্রকাশনা উপহার দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আইনমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় পরিবার সম্মানিত হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “এই বিশ্ববিদ্যালয় সংস্কৃতির একটি উৎস। এখান থেকে বিভিন্ন ধরনের শিল্পী তৈরি হবে।” তিনি শিক্ষার্থীদের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের সময় জনবল ও সুযোগ-সুবিধা সীমিত করার বিষয়গুলোও জনগণকে জানানো প্রয়োজন বলে উল্লেখ করেন।
এ সময় আইনমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।
সংসদ সদস্য মাহাবুবুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রী ত্রিশালে আসলেও বিভিন্ন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে আসা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সুতিয়া নদীর দুই তীরে নির্মিতব্য পার্ক উদ্বোধনের জন্য তাকে আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।