
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার ধানগড়া পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার এলাকায় বিদ্যুৎ থাকলেও উপজেলার প্রায় সব ইউনিয়ন ও গ্রামে লোডশেডিং চরমভাবে বেড়েছে। এতে পৌরসভার তাঁতশিল্পসমৃদ্ধ লক্ষীকোলা গ্রামের তাঁতকল মালিক ও শ্রমিকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরাও সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। পরে ক্ষুব্ধ এলাকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, কয়েক মাস ধরে ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকে, তাও আবার ১০ থেকে ২০ মিনিটের জন্য। তাঁত শ্রমিকদের কাজ করতে এসেও অলস বসে থাকতে হয়। ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ২০ ঘণ্টা তাঁতকল বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নির্ধারিত সময়ে ক্রেতাদের চাহিদা অনুযায়ী লুঙ্গি, শাড়ি ও গামছা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে তাঁত মালিক ও শ্রমিক উভয়েই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিজামুল ইসলাম বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অফিস ঘেরাও করেছিলেন। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।