ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি

জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতি

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা জানার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে কেন্দ্রের দায়িত্বে থাকা সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহিত দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবু খায়ের মো. কামাল হাসান এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, ‘শিক্ষা বোর্ডের প্রতিনিধিরা কলেজে এসেছেন। তাদের সঙ্গে কথা বলছি। তারা যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের প্রশ্নপত্রের বান্ডিলে ২০২৫ সালের সিলেবাসের ওই সব প্রশ্নপত্র ছিল। পরীক্ষার আগে প্রশ্ন দেখার সুযোগ না থাকায় একটি কক্ষে ওই সব ১০০টি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা বিষয়টি জানালে বোর্ডে যোগাযোগ করা হয়। ১০০টি উত্তরপত্র আলাদাভাবে পাঠালে শিক্ষা বোর্ড নমনীয় ও সেই প্রশ্নপত্র অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন করবে বলে জানিয়েছে।

জানা যায়, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটে। ওই কক্ষের সব পরীক্ষার্থী ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী।

আবা/এসআর/২৬

জামালপুর,প্রশ্নপত্র,ভুল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত