ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গবেষণায় উৎসাহ বাড়াতে নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ৩ অ্যাওয়ার্ড

গবেষণায় উৎসাহ বাড়াতে নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ৩ অ্যাওয়ার্ড

গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করতে শিগগিরই ‘ডিনস অ্যাওয়ার্ড’, ‘ভাইস-চ্যান্সেলরস (ভিসি) অ্যাওয়ার্ড’ ও শিক্ষকদের জন্য ‘বেস্ট গবেষক অ্যাওয়ার্ড’ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য।

বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘গবেষণা সপ্তাহ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, গবেষণার মানোন্নয়ন ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই পুরস্কার চালু করা হচ্ছে। গবেষণায় সাফল্য অর্জনের জন্য আগ্রহ, নিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে নতুন জ্ঞান সৃষ্টি এবং দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর মেধাবী শিক্ষার্থীদের দেশে ফিরে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের দেশে ধরে রাখতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পে-প্রোটেকশনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে বড় পরিসরে গবেষণা মেলার আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শামসুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কমিটি ফর অ্যাডভান্সড স্টাডিজ অ্যান্ড রিসার্চের কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন।

সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

উল্লেখ্য, ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে চারটি প্রশিক্ষণ কর্মশালা, চারটি বিষয়ভিত্তিক সেমিনার, গবেষণা আইডিয়া প্রতিযোগিতা এবং একটি অনলাইন বিশেষ সেশনের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং গবেষণা আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নতুন ৩ অ্যাওয়ার্ড,নজরুল বিশ্ববিদ্যালয়,গবেষণা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত