অনলাইন সংস্করণ
১৪:৫৬, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, ৫১তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। আগামী নভেম্বরে এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হতে পারে। ২০০ নম্বরের প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
নম্বর বণ্টন ও পরীক্ষার বিষয়---
৫১তম বিশেষ বিসিএসে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের। আর মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০, গাণিতিক যুক্তিতে ১০, সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। বিশেষ বিসিএস হওয়ায় এ লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিশেষ এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার পদে এবং বাকি ৩০০ জন নিয়োগ পাবেন ডেন্টাল সার্জন পদে।
পিএসসি সূত্র জানায়, চিকিৎসকদের এ বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষার কোনো দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থাকবে না। সাধারণত ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমেই দ্রুত প্রার্থী বাছাই সম্পন্ন করা হবে। ফলে দ্রুততম সময়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ৫ হাজার নতুন চিকিৎসককে দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা সম্ভব হবে।