ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বাস্থ্যবিমার চেক প্রদান অনুষ্ঠানের পর আয়োজিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও জেনিথের প্রতিনিধিরা।

জেনিথের প্রস্তাব অনুযায়ী, একজন শিক্ষার্থী মাসে ৫০ টাকা অথবা বছরে ৬০০ টাকা প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্যবিমার আওতায় আসতে পারবেন। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তাকে এ প্রিমিয়াম পরিশোধ করতে হবে। বিমার আওতায় থাকাকালে কোনো শিক্ষার্থী আহত হলে নির্ধারিত শর্ত অনুযায়ী বিমার সুবিধা পাবেন। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার পরিবার আর্থিক সুবিধা পাবে।

এ ছাড়া কোনো শিক্ষার্থীর অভিভাবকের মৃত্যু হলে ওই শিক্ষার্থীকে এক লাখ টাকা কভারেজ দেওয়ার প্রস্তাব রয়েছে।

জেনিথের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষেত্রে সুবিধা হলো, কোনো শিক্ষার্থী মারা গেলে তার অভিভাবককে আর্থিক সুবিধা দেওয়া হবে। আবার কোনো শিক্ষার্থীর অভিভাবক মারা গেলে ওই শিক্ষার্থীও সুবিধা পাবে। পাশাপাশি কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে নির্দিষ্ট পরিমাণ অর্থের কভারেজ দেওয়া হবে। আমাদের আওতায় একশর বেশি নেটওয়ার্ক হাসপাতাল রয়েছে। সেখানে শিক্ষার্থীরা ডিসকাউন্ট ও ক্যাশলেস সুবিধা পাবে। এ ধরনের সুবিধা আমরা শিক্ষার্থীদের দিতে যাচ্ছি। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এটি চালু করেছি। আমরা সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পরিশোধ করে থাকি। আমরা প্রস্তাব দিয়েছি, একজন শিক্ষার্থী বছরে ৬০০ টাকা প্রিমিয়াম দিয়ে এই স্বাস্থ্যবিমা করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ প্রস্তাব দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা শিক্ষকদের স্বাস্থ্যবিমার সাড়ে ছয় লাখ টাকার চেক কভারেজ দিয়েছি।’

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘জেনিথ আমাদের শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিমা করতে চায়। এ জন্য শিক্ষার্থীদের জন্য তারা কিছু সুবিধার কথাও জানিয়েছে। তবে বিষয়টি যেহেতু শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট, তাই আগে তাদের সঙ্গে আলোচনা করব। এরপর তাদের মতামতের ভিত্তিতে জেনিথের সঙ্গে চুক্তি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাব।’

জেনিথ,স্বাস্থ্যবিমার আওতা,কুবি শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত