
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পরিবারে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। গত অক্টোবর মাসের প্রথম দিকে পার্কের কোর সাফারি এলাকার বনের মধ্যে শাবকগুলোর দেখা মেলে।
আজ বৃহস্পতিবার শাবকগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, মা নীলগাই খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। এ সময় সামান্য দূরে থাকা শাবকগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখছিল সে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। শাবকগুলোর দেখভালের জন্য সার্বক্ষণিক একজনকে হরিণ সাফারিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে শাবকগুলোর বয়স প্রায় দেড় মাস। তবে শাবকগুলো পুরুষ না মাদী, তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে কাছাকাছি গিয়ে তাদের লিঙ্গ নির্ধারণের চেষ্টা করেনি কর্তৃপক্ষ।
তারেক রহমান আরও জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তী সময়ে পার্কে বেশ কয়েকটি শাবকের জন্ম হয়েছে। সবশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানো হয়েছে। বর্তমানে পার্কে রয়েছে ৯টি নীলগাই। নতুন চারটি শাবকসহ এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।