অনলাইন সংস্করণ
১৩:১১, ২৩ মে, ২০২৬
দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ‘লোকে বলে’ শিরোনামের একটি গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে গানটি তৈরি হয়েছে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া জানান, নতুন গান নিয়ে ফেরার প্রতিশ্রুতি তিনি রেখেছেন।
একই সঙ্গে তিনি বলেন, এবারের ঈদ উদযাপন আরও জমকালো হতে যাচ্ছে। আগামী ২৬ মে গানটি প্রকাশ করা হবে।
লোকগান ও আধুনিক সুরের মিশেলে তৈরি এই গানের কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ ও ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে। এর দৃশ্যধারণ নির্মাণ করেছেন ভারতের পরিচিত নৃত্যপরিচালক ও নির্মাতা বাবা যাদব।
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার যাত্রা শুরু হয়েছিল বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। পরে উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি সমালোচনাও হয়েছিল।
২০২৪ সালে এসভিএফের ব্যানারে তার সর্বশেষ গান প্রকাশিত হয়। ‘লোকে বলে’ হতে যাচ্ছে নুসরাত ফারিয়ার গাওয়া পঞ্চম একক গান।
এদিকে বর্তমানে মঞ্চ পরিবেশনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। গত সপ্তাহে দুবাইয়ে একটি মঞ্চ আয়োজনে অংশ নিয়েছেন তিনি।
সংশ্লিষ্টদের আশা, এবারের ঈদে ‘লোকে বলে’ গানটি দর্শক-শ্রোতাদের মাঝে নতুন মাত্রা যোগ করবে।