অনলাইন সংস্করণ
১৭:০২, ২২ মে, ২০২৬
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে একই সময়ে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৫৪ জনের শরীরে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
এই সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।