ঢাকা সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মুখে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনেয়ির

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মুখে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনেয়ির

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে, তবে তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। শনিবার (৩১ জানুয়ারি) তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ায় আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, যুদ্ধ ও সামরিক শক্তি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নতুন কিছু নয়।

তিনি বলেন, ‘আমেরিকানরা যদি এবার যুদ্ধ শুরু করে, তাহলে একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। কখনো কখনো তারা যুদ্ধের কথা বলে, বিমান ও যুদ্ধজাহাজের কথা তোলে—এটি নতুন কোনো বিষয় নয়। যুদ্ধসহ সম্ভাব্য সব বিকল্প টেবিলে রয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরানি জাতির এসব বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই; এ ধরনের হুমকি ইরানের জনগণকে প্রভাবিত করে না।’ একই সঙ্গে ইরান নিজে কখনোই যুদ্ধ শুরু করবে না বলেও জানিয়ে দেন তিনি। তবে যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত তার দেশ।

খামেনেয়ি বলেন, ‘আমরা যুদ্ধ শুরু করি না এবং কোনো দেশকে আক্রমণ করতে চাই না; কিন্তু কেউ যদি ইরানের ওপর আক্রমণ চালায় বা হয়রানি করে, ইরানি জাতি তাকে কঠোর জবাব দেবে।’

তিনি আরও বলেন, অতীতের ষড়যন্ত্রগুলোর মতোই ইরানি জনগণ সাম্প্রতিক আমেরিকান-জায়নবাদী ফিতনার আগুন ছাই করে দিয়েছে। ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জও তারা দৃঢ়ভাবে মোকাবিলা করবে।

এদিকে চলতি মাসের শুরুর দিকে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হতাহতের বিষয়টি নিয়েও কথা বলেছেন খামেনেয়ি। তার ভাষায়, শত্রুরা হতাহতের সংখ্যা আরও বাড়িয়ে দেখাতে চেয়েছিল এবং সেটি আরও বেশি হোক এমনটাই তারা কামনা করেছিল। তবে বর্তমান সংখ্যাটিও অত্যন্ত দুঃখজনক।

যুক্তরাষ্ট্র,হামলা,হুঁশিয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত