ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৯ জন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি। ২০২৩ সালে পেশোয়ারের একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের পর এটি পাকিস্তানে কোনো মসজিদে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানায়, জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। বার্তাসংস্থা এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, হামলাকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হলে তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আহত ১৬৯ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ এবং জানালার সব কাচ ভেঙে গেছে।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্সের গেটে এক আত্মঘাতী হামলায় ১২ জন নিহতসহ কয়েক ডজন মানুষ আহত হন। এর আগে ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বোমা বিস্ফোরণে ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা

পাকিস্তান,ইসলামাবাদ,শিয়া মসজিদ,বোমা হামলা,নিহত,টিটিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত