ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সামরিক শাসন জারির চেষ্টা করার দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত।

আদালত রায়ে বলেছে, ২০২৪ সালের ৩ ডিসেম্বর তিনি সামরিক বাহিনী মোতায়েন করে জাতীয় পরিষদ ঘেরাও এবং রাজনীতিকদের গ্রেফতারের নির্দেশ দিয়ে সংবিধান লঙ্ঘনের চেষ্টা করেছিলেন, যা দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রায় ঘোষণার সময় আদালতের বাইরে তার সমর্থক ও বিরোধীদের বড় জমায়েত হয়। ইউন রায় শোনার সময় কোনও প্রতিক্রিয়া দেখাননি। তার আইনজীবীরা দাবি করেছেন, রায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতে হয়নি। যেকোনও পক্ষ আপিল করলে মামলাটি দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্টে যাবে।

২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি টেলিভিশনে সামরিক আইন জারির ঘোষণা দিয়ে দেশকে চমকে দেন ইউন। তিনি দাবি করেছিলেন, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে দেশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আইনপ্রণেতারা জাতীয় পরিষদে ঢুকে সামরিক আইন বাতিল করলে তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এরপর শুরু হয় রাজনৈতিক অস্থিরতা, তার অভিশংসন এবং একাধিক মামলা।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে তার সাবেক প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত এ ঘটনাকে উপরমহলের ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছে।

আবা/এসআর/২৫

দক্ষিণ কোরিয়া,প্রেসিডেন্ট,কারাদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত