ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

তেহরানসহ ইরানের ছয় শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানসহ ইরানের ছয় শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

রাজধানী তেহরানের পাশাপাশি ইরানের অন্তত পাঁচটি শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার শহরগুলো হলো ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তাবরিজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ব বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি ও সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে। অল্প সময়ের মধ্যেই এই ৬ শহরেও হামলার খবর পাওয়া যায়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করেছেন। দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তেহরানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার জায়গার কাছেই রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর।

এদিকে হামলার প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ইরান ভয়াবহ জবাব দেবে।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে “বড় ধরনের যুদ্ধাভিযান” চালানো হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প বলেন, “আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি।” তিনি আরও জানান, “আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দেব। এটি পুরোপুরি ধ্বংস করা হবে।”

তেহরান,ইরান,ক্ষেপণাস্ত্র,হামলা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত