ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) মারা যাওয়ার পর ইরানে নতুন নেতা হিসেবে কে আসবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে পাঁচজনের নাম সামনে এসেছে, যারা পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা সৃষ্টি করেছেন। তারা হলেন—

১. মোজতাবা খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনি (৫৬) ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং আধাসামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনী’র ওপর তার দৃঢ় ও গভীর প্রভাব রয়েছে। তবে ইরানের শিয়া শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতায় পিতা-পুত্রের উত্তরাধিকারকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া তিনি ইসলামি পণ্ডিত হিসেবে উচ্চ পর্যায়ে না থাকায় তার শাসন ক্ষমতার সম্ভাবনা নিয়ে সন্দেহ রয়েছে।

২. আলীরেজা আরাফি

আলীরেজা আরাফি (৬৭) খামেনির আস্থাভাজন এবং একজন প্রতিষ্ঠিত ইসলামি পণ্ডিত। আরাফি বর্তমানে ইরানের আলেমদের পরিষদের উপ-চেয়ারম্যান এবং ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য। এই কাউন্সিল ইরানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে প্রার্থীদের বাছাই এবং পার্লামেন্টে পাস হওয়া আইনগুলো যাচাই করে। আরাফি ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও প্রধান। তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নন এবং সামরিক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক নেই।

৩. মোহাম্মদ মেহদি মিরবাঘেরি

মোহাম্মদ মেহদি মিরবাঘেরি (৬০) একজন কট্টরপন্থি ইসলামি আলেম এবং ইরানের কেন্দ্রীয় আলেম পরিষদের সদস্য। তিনি ইরানের রক্ষণশীল আলেম-উলামাদের নেতা। ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সমালোচক সংবাদমাধ্যম ইরান ওয়্যারের প্রতিবেদনে অনুসারে, মিরবাঘের তীব্রভাবে পশ্চিমাদের বিরোধী এবং তিনি বিশ্বাস করেন, বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি ইরানের উত্তরাঞ্চলীয় শহর কোম এর বিজ্ঞান অ্যাকাডেমির প্রধান।

৪. হাসান খোমেনি

হাসান খোমেনি (৫০) ইরানের ইসলামি বিপ্লবের শীর্ষ নেতা এবং দেশটির প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি বর্তমানে খোমেনির সমাধিসৌধের প্রধান রক্ষকের দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত তিনি সরকারের প্রশাসন পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ পদে আসেননি। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপরেও তার প্রভাব কম। তবে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম কঠোর মনোভাবের।

৫. হাশেম হোসেইনি বুশেহরি

হাশেম হোসেইনি বুশেহরি (৬০+) ইরানের একজন জ্যেষ্ঠ ইসলামি পণ্ডিত এবং উত্তরাধিকার ব্যবস্থাপনা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত এবং একই সঙ্গে ইরানের আলেম পরিষদের এক নম্বর উপ-চেয়ারম্যান। আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তবে, সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার সম্পর্ক খুব দৃঢ় নয়।

ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনে এসব ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চূড়ান্তভাবে মনোনীত করা হতে পারে, তবে শিয়া শাসনব্যবস্থায় বিষয়টি অনেক জটিল এবং রাজনৈতিকভাবে সতর্ক মনোভাবের।

সূত্র : সিএনএন

সর্বোচ্চ ধর্মীয় নেতা,ইরান,আয়াতুল্লাহ আলী খামেনি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত