
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাকিস্তানে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) দেশটির বিভিন্ন শহরে এই প্রাণহানির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা চালিয়েছেন।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, করাচিতে শত শত বিক্ষোভকারী মার্কিন কনসুলেটে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। করাচি পুলিশ সার্জনের কার্যালয়ের তথ্যমতে, গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত সেখানে অন্তত ১০ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে হাসপাতালের একটি তালিকায় ৯ জনের নিহতের কথা উল্লেখ করা হয়েছিল, যাদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানাতে গিয়ে দুজন নিহত হন।
বিক্ষোভকারীরা বাগদাদের গ্রিনজোনে ঢুকে পড়েন। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আবা/এসআর/২৫