
নেপালে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে দেশটির তৎকালীন সরকার পতনের ছয় মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিন রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানের পর দায়িত্ব পালনকারী অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে কারা ক্ষমতায় আসবে, তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে।
দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভা (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে প্রায় ৮ লাখ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। সরাসরি ভোট (ফার্স্ট পাস্ট দ্য পোস্ট) এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমন্বয়ে মোট ২৭৫ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন।
দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক দলকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নতুন একটি রাজনৈতিক দল। দলটির নেতৃত্বে আছেন সাবেক র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলিও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। জানা গেছে, দুজনই পূর্বাঞ্চলের শান্ত শহর ঝাপা থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ৩ হাজার ৪০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে এক হাজারের বেশি প্রার্থীর বয়স ৪০ বছরের কম।