ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জরুরি ভিত্তিতে ইসরায়েলকে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

জরুরি ভিত্তিতে ইসরায়েলকে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের সম্ভাব্য অস্ত্র ও সামরিক সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিদ্ধান্ত নিয়েছেন যে জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় ইসরায়েল সরকারের কাছে দ্রুত অস্ত্র বিক্রি করা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই বিক্রি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করা কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থেও অবদান রাখবে।

জরুরি এই প্যাকেজে বিএলইউ-১১০এ/বি ধরনের সাধারণ বোমা, রসদ এবং সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ইসরায়েলি বাহিনী শহরটিতে আবারও হামলা চালায়।

ইসরায়েলের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানায়, তারা তেহরানের বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগে ইরান থেকেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

যুক্তরাষ্ট্র,ইসরায়েল,অস্ত্র,সামরিক সহায়তা,মধ্যপ্রাচ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত