ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের

ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনও ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনও সংঘাতে জড়াব না।

তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক উস্কানি’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত ও ধ্বংস করেছে।

আমিরাতের এই মন্ত্রণালয় বলেছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ককে লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার চেষ্টা চালানো হয়েছে। এই হামলাকে ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশি ও বন্ধুপ্রতীম দেশগুলোর ওপর এই ধরনের ধারাবাহিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

এর আগে, গত সপ্তাহে তুরস্ককে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করে আঙ্কারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ সোমবারের হামলার অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হামলা,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত