
পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ৩টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে তিন জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে যাওয়ায় বেশিরভাগ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং একটির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দু’টি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘মায়ুরি নারি’ ওমানের ১১ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এতে পরিবেশগত কোনও ক্ষতি হয়নি। বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক নাবিক ওই জাহাজে অবস্থান করছেন।
এর আগে, জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান ম্যাজেস্টি’ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজের নাবিকরা নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় বাল্ক ক্যারিয়ার জাহাজও অজ্ঞাত বস্তুর আঘাতের শিকার হয়েছে। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী স্টার গুইনেথ জাহাজে আঘাতের ফলে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে নাবিকরা নিরাপদ আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে পরিবহন করা হয়। সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত ১৪টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র : রয়টার্স।