
ইরাকের কুর্দিস্তানের এরবিলে অবস্থিত ইতালির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারের (১২ মার্চ) এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে পরবর্তীতে মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে, হামলা ড্রোনের মাধ্যমে ঘটেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘাঁটিতে কর্মরত ইতালীয় সৈন্যরা নিরাপদ আছেন। মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ড্রোনটি সম্ভবত ইচ্ছাকৃতভাবে ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয়নি; বরং উচ্চতা হারিয়ে দুর্ঘটনাবশত আঘাত হানে।
ঘাঁটির কমান্ডার কর্নেল স্তেফানো পিজোত্তি সংবাদমাধ্যম স্কাই টিজি২৪-কে জানিয়েছেন, হামলার কয়েক ঘণ্টা আগে আকাশপথের ঝুঁকির বিষয়ে সৈন্যদের সতর্ক করা হয়েছিল এবং তারা বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন। তিনি আরও বলেছেন, হামলা কোথা থেকে চালানো হয়েছে তা এখনও জানা যায়নি, এবং বিশেষজ্ঞরা এলাকা পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ করার কাজ চালিয়ে যাচ্ছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতালির প্রায় ৩০০ সৈন্য কুর্দি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে এরবিলে অবস্থান করছেন। কর্নেল পিজোত্তি উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে সৃষ্ট ঝুঁকির মুখে সাম্প্রতিক সময়ে সৈন্য সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
সূত্র: রয়টার্স।