অনলাইন সংস্করণ
১০:২৬, ১৩ মার্চ, ২০২৬
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, বর্তমানে সমুদ্রে অবস্থান করা রাশিয়ার তেলবাহী জাহাজগুলোকে বিশ্বের বিভিন্ন ক্রেতার কাছে তেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এই ছাড় ১১ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে কয়েক শ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল প্রবেশ করবে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ইরানকে ঘিরে সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোর তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।