
ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
শুক্রবার (১৩ মার্চ) সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাগুলোর একটি পরিচালনা করেছে এবং ইরানের ‘‘ক্রাউন জুয়েল’’ খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি এখনো দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেইনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’
এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কেননা ইরানের কাছে খারগ দ্বীপের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করেছেন এবং এটি তার অতিরঞ্জিত বর্ণনা নয়।
পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানি শহর বুশেহরের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।
ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপ দিয়ে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করা হয়, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে চীনের মতো দূরবর্তী বাজারগুলোতে পৌঁছে যায়।
আবা/এসআর/২৬