ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর

ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি উন্মুক্ত করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ ডাকে খুব একটা সাড়া মেলেনি। একের পর এক দেশ তার এই আহ্বান প্রত্যখ্যান করছে। ফ্রান্স ও জাপানের পর এবার সেই তালিকায় যোগ দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি এবং গ্রিস ও ইতালি।

শনিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, ইরানের অবরোধে ক্ষতিগ্রস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হরমুজ প্রণালি উন্মুক্ত ও নিরাপদ রাখতে কাজ করবে। তিনি আশা প্রকাশ করেন চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এই জোটে যোগ দেবে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, লোহিত সাগরে ইইউর নৌ অভিযান জোরদারের প্রতি সমর্থন জানায় ইতালি। তবে আমি মনে করি না, এই অভিযানগুলোর আওতায় হরমুজ প্রণালিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে, বিশেষ করে যেহেতু এগুলো জলদস্যু-বিরোধী ও প্রতিরক্ষামূলক মিশন।

ট্রাম্পের এই দাবির পরপরই প্রথমে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর খবর পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ফরাসি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ‘না। বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত : রক্ষণাত্মক, সুরক্ষামূলক।’

সোমবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বিট্রিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য আর বৃহত্তর যুদ্ধে জড়িত হবে না। যুক্তরাজ্যের অগ্রাধিকার হলো এই অঞ্চলে তার নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং একই সাথে নিজেকে এবং তার মিত্রদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

তিনি বলেন, ‘ব্রিটেন নিজেকে বৃহত্তর সংঘাতে জড়িত হতে দেবে না এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে’।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘যুদ্ধে জার্মানির সামরিক অংশগ্রহণ থাকবে না৷’

তিনি বলেন, ‘শক্তিশালী মার্কিন নৌবাহিনী যেখানে পারেনি সেখানে হরমুজ প্রণালীতে গুটিকয়েক ইউরোপীয় যুদ্ধজাহাজের কাছে ডোনাল্ড ট্রাম্প কী প্রত্যাশা করেন?’

সোমবার জার্মান সরকারের একজন মুখপাত্রও বলেছেন, ইরানের যুদ্ধের সাথে ন্যাটোর কোনও সম্পর্ক নেই, ফলে জার্মানি যুদ্ধে অংশ নেবে না বা সামরিক উপায়ে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবে না।

সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে সেখানে নিজেদের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা টোকিওর নেই।

তিনি বলেন, “আমরা এখনও (হরমুজ প্রণালীতে) নিরাপত্তা জাহাজ পাঠানোর কোনো সিদ্ধান্ত নিইনি। আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে জাপান স্বাধীনভাবে কী কী করতে পারে, সে সম্পর্কে আমরা চিন্তাভাবনা করছি।

আবা/এসআর/২৬

ট্রাম্প,আহ্বান,সাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত