ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

লারিজানি হত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানি সেনাপ্রধানের

লারিজানি হত্যার ঘটনায় প্রতিশোধের ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সামরিক নেতৃত্ব। এই হত্যার ‘চূড়ান্ত’ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বুধবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

বিবৃতিতে আমির হাতামি বলেন, আলী লারিজানি এবং অন্যান্য নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং উপযুক্ত সময় ও স্থানে এর জবাব দেওয়া হবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং দুঃখজনক জবাব দেওয়া হবে।

এদিকে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইরানের রাজধানী তেহরানে বিমান অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে লক্ষ্যবস্তু করা হয় আলী লারিজানিকে। হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লারিজানি নিহত বা আহত হয়েছেন। পরে বুধবার ভোররাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান।

আলী লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী সরকারি কর্মকর্তা ছিলেন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং তাকে খামেনির ‘ডানহাত’ হিসেবেও অভিহিত করা হতো।

চলমান সংঘাতে নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সবচেয়ে জ্যেষ্ঠ বলে জানা গেছে। সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি তাকে জনসম্মুখে দেখা যায়। ওই দিনই তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি

ইরানি সেনাপ্রধানের,প্রতিশোধের ঘোষণা,লারিজানি হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত