
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২টি মুসলিম দেশ।
বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে অংশ নেন কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।
যৌথ বিবৃতিতে দেশগুলো ইরানকে ‘অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ’ করার আহ্বান জানায়। একইসঙ্গে আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের বাধা সৃষ্টি বা হুমকি না দিতে তেহরানকে সতর্ক করা হয়। বিশেষ করে হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত না করার ওপর জোর দেওয়া হয়, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, বিমানবন্দর ও কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশগুলো এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো অজুহাতেই এ ধরনের আক্রমণের বৈধতা নেই।
পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন। একইসঙ্গে ইরানকে আন্তর্জাতিক আইন, মানবিক আইন ও প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়।
বৈঠকে লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং দেশটিতে ইসরায়েলের হামলার নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ।
সূত্র: আল-জাজিরা